সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের বিজয় নগর এলাকায় নিখোঁজের একদিন পর রিমন(৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
আজ রোববার দুপুরে উপজেলার বিজয়নগর এলাকার একটি ধানক্ষেত থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত রিমন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের নয়া নগর এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নয়া নগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রিমন শনিবার রাত থেকে নিখোঁজ হয়। পরে রোববার দুপুরের দিকে এলাকাবাসী ধানক্ষেতে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে পাঠানো হয়। উদ্ধারকৃত মরদেহের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধারনা করা হচ্ছে শিশুটি হত্যাকান্ডের শিকার। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি।
























