স্বপন ইসলাম, জামালপুর সংবাদদাতা:
আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোঁরা, অশ্লীল ছবি ও বেহায়াপনা বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার উদ্যোগে স্বাগত মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মার্চ) বিকালে শহরের দয়াময়ী মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি ডা সৈয়দ ইউনুছ আহাম্মদ, সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ সিরাজী,সহ-সভাপতি মুফতি মোস্তফা কামাল ও কাজী মাজহার আনোয়ার।
এসময় বক্তারা বলেন, শিল্পমন্ত্রী রোজাদারদের খেজুরের পরিবর্তে বরই দিয়ে ইফতারের কথা বলে দৃষ্টাতাপূর্ণ বক্তব্য রেখেছেন। ইফতারের সাধারণ একটি আইটেম হলো খেজুর। সরকার সেই খেজুর নিয়েও সিন্ডিকেটে লিপ্ত। শিল্পমন্ত্রী খেজুর আমদানীকারক সিন্ডিকেটের কাছে আত্মসমর্পন করেছেন। অন্তত রমজানের পবিত্রতা রক্ষায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করুন। সিন্ডিকেট ব্যবসায়ীদের লাগাম টেনে ধরুন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনে খেয়ে যেন মানুষ কমপক্ষে রোজা রাখতে পারে সে ব্যবস্থাটুকু করুন।
পরে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে দয়াময়ী মোড় থেকে একটি স্বাগত মিছিল বের হয়ে তা বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।
























