রমজান শেখ (স্বপন), জামালপুর সংবাদদাতা:
জামালপুরের মেলান্দহে পুকুরে গোসল করতে নেমে গৃহবধু ও তিন কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম, সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১৪), গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা (৯) ও দেলোয়ার হোসেন এর মেয়ে দিশা আক্তার (১৭)। নিহত দিশা মেলান্দহ জাহানারার লতিফ মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ জানান, বুধবার বিকেলে চারজন একসাথে বাড়ীর পাশে পুকুরে গোসল করতে নামে। এসময় সাদিয়া (১৪) ও খাদিজা (৯) পানিতে ডুবে গেলে গৃহবধূ রোকসানা ও কলেজ ছাত্রী দিশা আক্তার দুইজন ডুবে যাওয়া দুইজনকে উদ্ধার করতে গেলে তারাও পুকুরে পানিতে ডুবে মারা যায়।৪ জনের পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
























