সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালি নদী থেকে হাত-পা বাধা অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানা সম্ভব না হলেও বয়স আনুমানিক ৩৬ হবে বলে পুলিশের ধারণা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সোনারগাঁ সরকারি কলেজ সংলগ্ন মারীখালি নদী থেকে ভাসমান অবস্থায় এ মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থল পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, মৃত নারীর পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৩৬ বছর। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
























