সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নে মাদকের ভয়াল থাবায় একের পর এক প্রাণহানির ঘটনায় স্বোচ্ছার হয়ে উঠেছে এলাকাবাসী। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার দুপুরে নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সমাজ সেবক মো. কামরুল হাসান বাবুল,মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য নেহাল উদ্দীন ও মো. বিল্লাল হোসেন, ব্যবসায়ী সানাউল্লাহ প্রধান, ইয়ামিন রহমান শিশির,আরমান ভুইয়া, মো. আইয়ুব আলী, আতাউর রহমান আপেলসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন , গত দুই বছরে অতিরিক্ত মাদক সেবনের কারণে শেখকান্দি এলাকার মাইনুল ইসলাম, ইমান আলী, ওমর আলী, মানিক মিয়া ও ইয়াকুব নামে পাঁচজন যুবক মারা যায়। এ মৃত্যু মিছিল থামাতে এবং নতুন প্রজন্মকে রক্ষা করতে এখন রাজপথে নেমেছে সাধারণ মানুষ।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, শেখকান্দি এলাকার জাকারিয়া মিয়ার ছেলে তাওলাদ হোসেন, জজ মিয়ার ছেলে ফজলে করিম, তার স্ত্রী জবেদা এবং মৃত মান্নানের ছেলে ইসরাফিল এলাকায় নির্বিঘ্নে মাদক ব্যবসা করে আসছে। পাশাপাশি জুয়ার আসর পরিচালনা করছে। তাদের কারণে এ এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে পড়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এলাকাবাসী এখন একাট্টা হয়েছেন। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
তারা আরো বলেন, মাদক সেবনে আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দিতে পারি না। মাদক কারবারিরা আমাদের ভবিষ্যত প্রজন্ম ধ্বংসের কারিগর। প্রশাসনকে অবিলম্বে এ মাদক চক্রের হোতাদের গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন।
























