নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের পাঁচানি,খাসেরগাঁও এবং ছোট কোরবানপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার ভোরে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের সোনারগাঁ থানায় রাখা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) আরিফুজ্জামান বাদি হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের আগামীকাল রোববার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
গ্রেফতারকৃতরা হলো, পিরোজপুর ইউনিয়নের খাসের গাঁও গ্রামের আশরাফুল ইসলামের ছেলে সোহেল মিয়া (৩৫), আব্দুস সালামের ছেলে সাকিব মিয়া (২৫), আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাশেদ (৩০), রাসেল মিয়ার স্ত্রী শান্তা আক্তার (৩২), ফিরোজ মিয়ার ছেলে ফখরুদ্দিন (৪০), সোলাইমান মিয়ার ছেলে মো. জিসান (২০) ও লোকমান মিয়া (২৪)।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও এলাকার রাসেল মিয়া ও ছোট কোরবানপুর গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি একাধিকবার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের দু’গ্রুপের সংঘর্ষকালে প্রকাশ্যে গুলি বর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ফতুল্লা থানার মুজা মিয়ার ছেলে মাইনুল ইসলাম জিয়াকে গত ৩১ জানুয়ারি বুধবার গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার মানুষের মধ্যে আতংঙ্ক বিরাজ করে। গতকাল শনিবার ভোরে সেনাবাহিনীর মেজর সাজ্জাদ হোসেন ও সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহর নেতৃত্বে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ৭টি দা, ৫টি টেঁটা, একটি হাসিয়াসহ ৭জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকায় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছে এমন অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার ভোর রাতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়। রোববার তাদের আদালতে প্রেরণ করা হবে।























