নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ গণতন্ত্রের যে ট্রেনে উঠেছে, সেটি নির্ধারিত গন্তব্যে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে এবং প্রশাসনের সব স্তরকে কঠোরভাবে নিরপেক্ষ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, নির্বাচনের আগের দিন দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেছেন তিনি। তাদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যেন কেউ কোনো পক্ষের হয়ে কাজ না করেন। তিনি বলেন, শুধু নিজে নিরপেক্ষ থাকলেই হবে না, সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ রাখতে হবে। এ সময় উপস্থিত বিভাগীয় কমিশনারও বিষয়টির সাক্ষী থাকতে পারবেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে নির্বাচন কমিশন একটি ইতিবাচক ভূমিকা রাখতে চায় এবং সে লক্ষ্যেই সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ভিডিও ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর তথ্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, এসব তথ্য পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন, কারণ অনেক ক্ষেত্রেই এগুলো দেশের বাইরে থেকে প্রচার করা হয়। এ পরিস্থিতিতে মূলধারার গণমাধ্যমের ওপর আস্থা রাখার পাশাপাশি জনগণকে যাচাই-বাছাই করে তথ্য শেয়ার করার আহ্বান জানান তিনি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন।
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক দল ও প্রতীক নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীসহ ২ হাজার ২৮ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
























