আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের একটি ভুট্টা ক্ষেত থেকে হেলাল উদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করেন।
নিহত হেলাল উদ্দিন সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের পশ্চিম মণ্ডল পাড়া গ্রামের আব্দুস শহিদের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হাজির মোড় এলাকার একটি ভুট্টা ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবরটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে মরদেহের পরিচয় পাওয়া না গেলেও, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের বড় ভাই বেলাল উদ্দিন। সেখানে ছোট ভাইয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর তিনি নিশ্চিত করেন, মৃত ব্যক্তিটি তার আপন ছোট ভাই হেলাল উদ্দিন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, নিহতের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি পঞ্চগ্রাম ইউনিয়নের বাসিন্দা বলে তার বড় ভাই নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।























