সোনারগাঁ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬৫ বছর বয়সের বৃদ্ধা সুফিয়া বেগম। জরাজীর্ণ কাগজের এক ছাপড়া ঘরে ছিল তার বসবাস। একটু বৃষ্টি হলেই পানি ঢুকে ভিজে যেতো পুরো ঘর। এমন অসহায় এ বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ইউপি সদস্য। বৃদ্ধা সুফিয়া বেগম এবার ঈদে তার ছাপড়া ঘরের জায়গায় নতুন একটি টিনের ঘর উপহার পেয়েছেন।
বারদী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মো. আমিন হোসেন তার নিজস্ব অর্থায়নে সুফিয়া বেগমকে এ নতুন ঘর উপহার দিয়েছেন। বৃদ্ধা সুফিয়া বেগম এ ঘর পেয়ে অনেক খুশি।
উপজেলার বারদী ইউনিয়নের আলগীর চর এলাকার এ বৃদ্ধার বসবাস ।
বৃদ্ধা সুফিয়া বেগম জানান, বিশ বছর আগে তার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর সাত সন্তান নিয়ে মানুষের বাড়িতে জীয়ের কাজ করতেন। সন্তানরা তাকে ছেড়ে চলে যায়। গত
দুই বছর যাবৎ তিনি কাগজের একট ছাপড়া ঘর তুলে অনেক কষ্টে বসবাস করছেন। মানুষের দ্বারে দ্বারে গিয়েও কোনো সাহায্য সহযোগিতা পাননি। একটা ঘর পাইলে অন্তত মাথা গোঁজার ঠাঁই হতো এমন আকুতি করতেন। তিনি বলেন, এখন আর বেঁচে থাকার আশা করিনা, আকুতি শুধু মাথার উপরে একটা টিনের ছাপড়া ঘরের, যাতে ঝড় তুফানের কবল থেকে বাঁচতে পারি। এমন কথা নিয়ে স্থানীয় একজনের সামাজিক যোগাযোগ ফেসবুকে ভিডিও ধারণ করে। এ ভিডিওটা দেখে বৃদ্ধা সুফিয়া বেগমের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় বারদী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মোঃ আমিন হোসেন। তিনি ঈদের আগের দিন ওই অসহায় বৃদ্ধাকে একটি নতুন টিনের ঘর উপহার দেন। ইউপি তার নিজ খরচে ঘরটি সম্পন্নরূপে তৈরি করে দেন।
সুফিয়া বেগম নতুন ঘরে পেয়ে বলেন, তিনি গরিব অসহায় একজন মানুষ। তার কোনো ঘর ছিল না, কাগজের ছাপড়া তুলে অনেক কষ্টে বসবাস করতেন। আমিন মেম্বার তাকে নতুন ঘর দিয়েছেন, সাথে নতুন শাড়ি এবং ঈদ সামগ্রীও দিয়েছেন। এতে তিনি অনেক খুশি। এ বছরের ঈদ তার কাছে অনেক আনন্দে কেটেছে।
বারদী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য মোঃ আমিন হোসেন বলেন, তিনি অসহায় মানুষের পাশে থাকতে পেরে আনন্দিত। তাদের সেবা করতে ভাল লাগে, আনন্দ পান। কোন স্বার্থ নয়, অসহায়দের সেবা করলে তার মনে স্বস্তি পান। এ ধরনের সেবা তিনি আজীবন করতে চান।
























