যশোর প্রতিনিধি:
যশোরের বেনাপোল আইসিপি সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালিকবিহীন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারতীয় ৬০টি শাড়ি, ৪ হাজার ১৫৫টি চকলেট, ৩ দশমিক ৫ কেজি কিসমিস, ৫৮টি বিভিন্ন খাদ্যপণ্য এবং ১ হাজার ২৬৯টি কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়। এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ১০ লাখ ১৩ হাজার ৮৫০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিবিজিএম, পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।























