সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় যানজট নিরসনে রাস্তার পাশে গড়ে ওঠা সহস্রাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। নারায়ণগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান ও সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আলরাজী লিয়ন, কাঁচপুর হাইওয়ে থানার ওসি বিষ্ণুপদ শর্মা, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, নারায়ণগঞ্জ জেলা রির্জাভ পুলিশ সদস্যসহ সোনারগাঁ থানার বিপুল সংখ্যক সদস্য।
নারায়ণগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, কাঁচপুর এলাকায় মহাসড়কে সাধারণ মানুষের চলাচল নির্বিঘœ করতে ও যানজট নিরসনে জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।
























