আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটাতে তিন স্তরের একটি নতুন কূটনৈতিক প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসতে আগ্রহী হয়, তবে এই প্রস্তাবের ভিত্তিতেই আলোচনা এগোতে পারে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো হয়েছে বলেও জানা গেছে।
কূটনৈতিক সূত্র বলছে, প্রস্তাবটি মূলত ধাপে ধাপে উত্তেজনা প্রশমন ও দীর্ঘমেয়াদি সমঝোতার দিকে অগ্রসর হওয়ার একটি রূপরেখা।
প্রথম পর্যায়: যুদ্ধবিরতি ও নিরাপত্তা নিশ্চয়তা
প্রস্তাবের প্রথম ধাপে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইরান। পাশাপাশি ইরান ও লেবাননের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো আগ্রাসী হামলা চালানো হবে না— এমন নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে।
দ্বিতীয় পর্যায়: হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা
প্রথম ধাপ সফল হলে দ্বিতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালীর পরিচালনা, নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা হবে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য এই নৌপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
তৃতীয় পর্যায়: পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা
প্রস্তাবের শেষ ধাপে বলা হয়েছে, প্রথম দুই স্তরে সংশ্লিষ্ট সব পক্ষ সমঝোতায় পৌঁছালে তবেই ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাবে।
এদিকে ইরানের এই প্রস্তাব নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রকাশ্য মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়ালেস মার্কিন সংবাদমাধ্যমকে জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং গণমাধ্যমে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তিতে যাবে না যা তাদের জাতীয় স্বার্থের পরিপন্থী কিংবা ইরানকে পরমাণু অস্ত্র অর্জনের সুযোগ করে দেয়।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২১ ঘণ্টার ওই বৈঠকেও কোনো চুক্তি হয়নি।
প্রথম দফা সংলাপ ব্যর্থ হওয়ার পর পাকিস্তানসহ কয়েকটি দেশ উভয় পক্ষকে দ্বিতীয় দফা আলোচনায় ফেরানোর চেষ্টা চালালেও তা এখনো বাস্তবায়িত হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সাম্প্রতিক সময়ে একাধিকবার পাকিস্তান সফর করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি নতুন সংলাপে বসার প্রস্তাব নাকচ করেছেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দীর্ঘ সফরভিত্তিক আলোচনায় অনাগ্রহ প্রকাশ করে ফোনের মাধ্যমেই আলোচনার ইঙ্গিত দিয়েছেন।
এই প্রেক্ষাপটে ইরানের নতুন তিন স্তরের প্রস্তাবকে চলমান উত্তেজনা নিরসনের একটি সম্ভাব্য কূটনৈতিক পথ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সূত্র: এএফপি, এনডিটিভি অনলাইন



















