সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
ফামাক সিটির এমডি’র বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ এবং বিপুল পরিমান টাকা আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জের আদালতে প্রতারণার মামলা করেছেন এক ভুক্তভোগী নারী।
মামলার বিবরণে জানা যায়, ফামাক হোমস্ লিমিটেড এবং মেসার্স জারিফ ট্রেডিং ইন্টারন্যাশনালের রূপগঞ্জস্থ গুতোলিয়ায় ফামাক সিটি নামের আবাসন প্রকল্পে অর্থায়নের জন্য ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আসাদুল হক (৪২) মামলার বাদীনি সামিয়া আক্তার শিমুর নিকট হতে ১ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার টাকা নেন। লিখিত চুক্তির শর্তানুযায়ী বাদীনির স্বামী দেওয়ান সাজিদুল করিমকে ফামাক সিটি নামের আবাসন প্রকল্পের পরিচালক পদে নিয়োগ দিবেন। সাজিদুলকে নামমাত্র পরিচালক নিযোগ দিলেও প্রকল্পের কোনো কার্যকলাপে অংশগ্রহণ করতে দেয়নি প্রতারক এমডি মোহাম্মদ আসাদুল হক। প্রকল্পটি সঠিক নিয়মে পরিচালিত না হওয়ায় এবং শর্তমতে নির্ধারিত সময়ে বাদীনির ১ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার টাকা পরিশোধ না করায় বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়। এক পর্যায়ে আসামী তার ঢাকার শাহজাদপুরের হেড অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। এরপর বাদীনি নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ”গ” অঞ্চল এর আদালতে গত ১৫ জুন ফৌঃ দন্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় আসামীর বিরুদ্ধে মামলা (সি,আর-৪৫৪/২০২১) দায়ের করেন।
বাদীনি আরো জানান, ওই কোম্পানী ও ফামাক সিটির প্রকল্পের সাথে সে ও তার স্বামী জড়িত নন। প্রতারক আসাদুল হক বহু লোকের অর্থ আত্মসাত করে বর্তমানে আত্মগোপনে আছেন।
























