রেজওয়ানুল ইসলাম,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ জন। এছড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্ত হলেন ১৩ হাজার ৫৪ জন।
আজ বুধবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৪৩ জনের, জিন এক্সপার্ট পরীক্ষায় ১৮টি নমুনায় সাতজনের ও অ্যান্টিজেন পরীক্ষায় ৬৭টি নমুনায় সাতজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫ টি নমুনায় পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের আক্রান্তদের মধ্যে সদরে ৪৭ জন, আদমদীঘিতে সাতজন, ধুনটে পাঁচজন, নন্দীগ্রাম, গাবতলী ও শাজাহানপুরে একজন করে রয়েছেন।
সূত্রটি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। মৃতরা হলেন, বগুড়া সদরের পান্না (৫৫) ও খালিদ (৫২), শেরপুরের জয় খান (৫৫) ও নওগাঁর আব্দুর রাজ্জাক।এদের মধ্যে পান্না ও খালিদ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং জয় ও আব্দুর রাজ্জাক মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার সকালে পর্যন্ত পাওয়া সর্বশেষ ফল অনুযায়ী বগুড়ায় এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ২৭৩ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪২৪ জন।
























