গাজীপুর প্রতিনিধি,শফিকুল ইসলাম শামীমঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর, হাজী মনিরুজ্জামান মনিরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ইস্যু করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ ও দলীয় পদ থেকে জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের পর তার পক্ষ অবলম্বন করায় স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্সিলর হাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে নানা অভিযোগ দাখিল করা হয়। সেই পরিপ্রেক্ষিতে দল থেকে অব্যাহতি দেয়ার এ সিদ্ধান্ত গ্রহণ করেন দলটি।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক আজিজুর রহমান আজিজ স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়, গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর সাধারণ সম্পাদক হাজী মনিরুজ্জামানের কর্মকাণ্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সেই প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নির্দেশক্রমে বৃহস্পতিবার তাকে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।
এদিকে হাজী মনিরুজ্জামানকে দলীয় পদ থেকে অব্যাহতির খবরে মেয়র (সাময়িক বরখাস্ত) জাহাঙ্গীর আলমের পক্ষ নেয়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
এদিকে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক পদ থেকে,৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনিরকে অব্যাহতি দেওয়ায় -তাঁর মা স্ট্রোক করে এবং চিকিৎসাধীন আছেন!সেমতে কাউন্সিলর, হাজী মনিরুজ্জামান মনির তার ফেসবুক আইডিতে পোস্ট করা এক বার্তায় বলেন, মহান রাব্বুল আল আমীন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দলীয় পদ হারালাম, ব্যবসা-বাণিজ্য হারালাম, মান-সম্মান হারালাম, এ খবর পেয়ে গর্ভধারিনী মা স্ট্রোক করলো!
আমার এত কিছু হারানোর পরেও যাদের কলিজা এখনো ঠান্ডা হয় নাই, আমার কাউন্সিলর পদটি বাকি আছে, কাউন্সিলর পদ নিয়ে আপনাদের কলিজা ঠান্ডা করেন! সব কিছুর বিনিময়ে হলেও হে মহান রাব্বুল আল আমীন, আমার গর্ভধারিনী মাকে সুস্থতা দান করো।
























