মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদরের দেওয়ানীপাড়ায় সৎ ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন হয়েছে। এই ঘটনায় খুনি সৎ ভাই, সৎ মা ও সৎ বোনকে আটক করা হয়েছে।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, দেওয়ানীপাড়া গ্রামের মৃত আজাদ শেখের বড় ছেলে রাফিক ইসলাম রাফিক (৩৫) নিজ বাড়ির একটি কাঠাল গাছ ২ হাজার ৫০০ টাকায় বিক্রী করে। এ নিয়ে সোমবার সকাল ১০ টায় ছোট সৎ ভাই গার্মেন্টস কর্মী মনজিল হোসেন কালু (১৯) ও রাফিকুল ইসলাম রাফিক এর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কালু বড় ভাই রাফিকের বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম এম সুবুজ রানা জানান, এ হত্যাকান্ডের ঘটনায় র্যাব খুনি মনজিল হোসেন কালু (১৯), তার মা মনজুয়ারা বেগম (৩৮) ও বোন ময়না (২২) কে আটক করেছে।
























