জাকির হোসেন, যশোর প্রতিনিধি :
যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মশিয়ার রহমান (৪৫) নামে এক রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার সহকারী শুভ (২৫) নামে একজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে সদরের দেয়াড়ার ফরিদপুর নতুন বাজারে এ ঘটনা ঘটে। নিহত মশিয়ার একই এলাকার মৃত মকছেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মশিয়ার রহমান ও সহকারী শুভ দুইজনে মিলে নতুন বাজারের আশরাফ হোসেনের বাড়ির বাহিরের অংশে রঙ্গের কাজ করছিলেন। ওই বাড়ির গা-ঘেষে বিদুৎ এর মেইন লাইনের পাইপ জড়ানো তার রয়েছে। কাজের সুবিধার জন্য মশিয়ার তারের পাইপ সুবিধাজনক স্থানে সরিয়ে নেয়ার সময় অসাবধানতা বশত বিদ্যুৎয়ের তারে হাত লেগে যায় তার। এতেই তিনি বিদুৎস্পৃষ্ট হয়।
এসময় তার সহকারী শুভ তাকে উদ্ধার করতে গিয়ে নিজেও গুরুতর আহত হয়। পরে বাড়ির মালিক ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
এ বিষয়ে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশীদ জানান, তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হলে এর মধ্যে সন্ধ্যায় একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্য হয়। অপরজন চিকিৎধীন রয়েছে।
























