আরিফ হোসাইন, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু’র দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে স্থানীয় আদালত। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন। গত ১৭ই আগস্ট ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। ঝিনাইদহ জেলা বিএনপির পার্টি অফিসে হামলা, অগ্নিসংযোগ ও ০৫ আগস্ট গণহত্যায় নেতৃত্ব প্রদানের দায়ে তার নামে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়। ঝিনাইদহ জেলা পুলিশের দাবি, ২০২৪ সালের ০৫ আগস্টের পর থেকেই শফিকুল ইসলাম অপু পলাতক ছিলেন। গ্রেফতারের পর আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহের সাবেক এই সংসদ সদস্যকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। উক্ত মামলার বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াজেদুর রহমান দুই দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করে। স্থানীয় আকতার ফার্মেসিতে হামলার অভিযোগকৃত মামলায় আদালত শফিকুল ইসলাম অপু’র দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। অপরদিকে, ঝিনাইদহ-১ আসনের সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল হাই ইন্তেকাল করলে তাকে জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে পুনরায় মনোনীত করে দলটি। সে অর্থে শেষ পর্যন্ত তিনিই ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি।
























