মেহেদী হাসান, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহ পৌরসভায় ২য় বারের মতো আবারো মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র শফিক জাহেদী রবিন। আজ রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র শফিক জাহেদী রবিন ১৩ হাজার ৪৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থী মো. মনোয়ার হোসেন হাওলাদার পেয়েছেন ৩ হাজার ৪১৮ ভোট। এছাড়া ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতিকের মেয়র প্রার্থী লিয়াকত আলী পেয়েছেন ২৪৮ ভোট।
মেলান্দহের মির্জা আজম অডিটরিয়ামে অনুষ্ঠিত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিন এ ফলাফলে ঘোষনা করেন। এসময় স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, মেলান্দহ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ৭০টি বুথে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়। এছাড়া ৩টি অস্থায়ী ভোট কক্ষ রাখা হয়েছিলো। কোথাও কোনো সহিংসতা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৫জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
জানা গেছে, ১৯৯৮ সালের ২৪ মার্চ ১২.৯৬ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে মেলান্দহ পৌরসভা স্থাপিত হয়। ‘গ’ শ্রেণির এ পৌরসভায় মোট ভোটার ২৪ হাজার ৫৬৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৮৩৯ জন এবং নারী ভোটার ১২ হাজার ৭২৫ জন। এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ১৭ হাজার ৪১৩ জন।
নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেছেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২২৪ পুলিশ সদস্য, ৩ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪টি টহল টিম।
























