মোঃজুয়েল রানা মোহনপুর রাজশাহীঃ
গবাদিপশুর খাদ্য হিসেবে উন্নত জাতের ঘাস নেপিয়ার চাষে ঝুঁকছেন রাজশাহী জেলা মোহনপুর উপজেলার মুগরুইল গ্রামে কৃষক ও খামারিরা। বিচালি ও খড়ের দাম অনেক বেড়ে যাওয়ায় গবাদিপশুর বিকল্প খাদ্য হিসেবে উপজেলার কৃষক ও খামারিরা নেপিয়ার ঘাস চাষে উদ্যোগী হয়ে উঠেছেন।
উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে এই উপজেলায় প্রায় ৩০০ বিঘা জমিতে নেপিয়ার ঘাসের চাষ হচ্ছে। এর সঙ্গে সম্পৃক্ত আছেন প্রায় ৭০০ কৃষক ও খামারি। নেপিয়ার ঘাস গরুর স্বাস্থ্যের জন্য ভালো। নেপিয়ার জাতের ঘাস গরুর খাবারের ছয়টি উপাদানের সুষম চাহিদা পূরণ করে। অন্যান্য দানাদার খাবার গরুকে বেশি খাওয়ালে তাতে সব খাদ্যগুণ পাওয়া যায় না।
এছাড়া খাদ্য হিসেবে শুধু ঘাস দিলে গরুর পরিপাকব্যবস্থা ভালো থাকে। এ জাতের ঘাস রোপণের এক থেকে দুই মাসের মাথায় কাটার উপযোগী হয়ে যায়। দ্বিতীয় পর্যায়ে একই গোছা (গোড়া) থেকে চারা গজায়। সে ক্ষেত্রে দেড় থেকে দুই মাসের মধ্যে কাটার উপযোগী হয়। একটি গোছা থেকে ১২ থেকে ১৫ কেজি ঘাস হয়। একটি গরুর জন্য প্রতিদিন ৭ থেকে ১০ কেজি ঘাস প্রয়োজন হয়। একবার বীজ বুনলে বা চারা রোপণ করলে কয়েক বছর অনবরত ঘাস পাওয়া যায়। ফলে খরচ কম হয়।
























