দিপক রায়,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জে নিখোঁজের দুদিন পর নীলফামারী জেলার ডোমার থানার একটি জঙ্গল থেকে মোবাশ্বের হোসেন (৫) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিয়াম আহম্মেদ মিঠু (১৬) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।
রোববার (১০ মে) সকালে নীলফামারীর জেলার ডোমার থানার ভোগডাপুরী সবজীগঞ্জ ফরেস্ট থেকে আটক কিশোরের স্বীকারোক্তিতে ডোমার থানা পুলিশের সহায়তায় শিশুটির লাশ উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ ।
নিহত শিশু পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ নায়েকপাড়া এলাকার আলম হোসেনের ছেলে। আটক সিয়াম আহম্মেদ মিঠু বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার আশিকুর রহমান স্বপনের ছেলে।
পুলিশ জানায়,গত ৮ মে মোবাশ্বের হোসেন (৫) নামে ওই শিশু তার বাড়ি থেকে নিখোঁজ হয়। তার পরিবার বাড়ির আশপাশসহ বিভিন্ন এলাকায় খোঁজখবর করে তার সন্ধান না পেয়ে পরে শিশুটির পরিবার সিয়াম আহম্মেদ মিঠুকে সন্দেহ করে। পরে দেবীগঞ্জ থানায় তাকে আসামি করে মামলা করলে পুলিশ তাকে আটক করে। তার স্বীকারোক্তিতে ডোমার থানা পুলিশের সহায়তায় রোববার সকালে শিশুর গলা কাট লাশটি উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ ।
দেবীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. রবিউল হাসান সরকার সময় সংবাদকে শিশুটির লাশ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির স্বীকারোক্তিতে ডোমার থানার সবজীগঞ্জ ফরেস্ট থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
























