শেখ নাফিজ (তপন), নওগাঁ-প্রতিনিধিঃ নওগাঁয় নতুন আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে তিন বছরের এক শিশু ও দুজন পুলিশ সদস্য। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৮৩। আজ শুক্রবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
নওগাঁ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ছয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে নওগাঁর ৫১টি নমুনা পরীক্ষার ফলাফল ই-মেইলে আসে। এতে তিনজনের নমুনা পরীক্ষার ফল করোনা ‘পজিটিভ’ এসেছে। তাঁদের মধ্যে দুজন পুলিশ সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত। তাঁরা ছুটিতে সম্প্রতি এলাকায় আসেন। অপরজন তিন বছরের শিশু। সে ঢাকাফেরত তার চাচার সংস্পর্শে আসায় করোনায় আক্রান্ত হয়েছে।
নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মুনজের-এ মোর্শেদ বলেন, আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়ার পরপরই তাঁদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
























