মামার বাড়ি এসে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার বটির আঘাতে তার মামা আবুল কাসেম (৫৫) খুন হয়েছে। রবিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দী গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ঘাতক ভাগিনা হৃদয়কে আটক করে গাছের সঙ্গে বেধে রেখে পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের সনমান্দী গ্রামের আবুল কাসেমের বাড়িতে এসে ভাগিনা হৃদয় মিয়া তার মায়ের জায়গা দাবি করে গাছের কাঁঠাল পাড়তে শুরু করে। এসময় তার মামা আবুল কাসেম বাধা দিলে তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে ভাগিনা হৃদয় উত্তেজিত হয়ে তার মামাকে বটি দিয়ে কুপিয়ে জখম করে। তার মামি এগিয়ে আসলে তাঁকেও কুপিয়ে আহত করে। মারাত্মক আহত আবুল কাসেমকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আবুল কাসেম পশ্চিম সনমান্দী গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
নিহত আবুল কাসেমের স্ত্রী শামসুন্নাহার বলেন, গাছের কাঁঠাল পাড়া নিয়েই তার স্বামীকে খুন করেছে। তিনি ঘাতক হৃদয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরীফ আহামেদ বলেন, খুনের ঘটনায় ঘাতক ভাগিনা হৃদয় মিয়াকে আটক করা হয়েছে।
























