রাকিব হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবির ভারত সীমান্তের রতনপুর সুইচগেট এলাকায় র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম মিন্টু (৩৫) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। নিহত মাদক কারবারি পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুল জলিল মন্ডল ছেলে।
র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, মঙ্গলবার রাত তিনটার দিকে পাঁচবিবি উপজেলার রতনপুর -মোড়েরহাট সুইচগেট এলাকায় মাদক কেনা বেঁচা চলছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যান জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা র্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে, র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই মাদক কারবারিকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার মৃত্যু হয়।
এসময় র্যাব ঘটনাস্থল থেকে দুইটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুইটি ম্যাগজিন, ৮ রাউন্ড তাজা গুলি, ৫০২ বোতল ফেন্সিডিল, ১২০০ পিচ ইয়াবা উদ্ধার করে। নিহত মিন্টুর বিরুদ্ধে পাঁচবিবি থানাসহ বিভিন্ন থানায় প্রায় ১ ডজন মাদক মামলা রয়েছে।
























