পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে চিকিৎসক, নার্সসহ নতুন ২০ জন করোনা শনাক্ত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। জেলায় মোট আক্রান্ত ৪৫৮ জন। মারা গেছেন ২২ জন।
শনিবার (৪ জুলাই) জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে করোনা আক্রান্ত এক গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক ক্লিনিকে চেম্বারে রোগী দেখায় আগত রোগী ও স্বজনরা উদ্বিগ্ন প্রকাশ করেছেন।
দেখা যায়, পটুয়াখালীর নোভা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান। অন্য ব্যক্তিদের সঙ্গে কথোপকথোনে জানা যায়, কোভিড পজেটিভ রিপোর্ট পাওয়ার বেশ কয়েক ঘণ্টা পরও চেম্বারে অবস্থান করছিলেন তিনি। এসময় বেশ কয়েকজন রোগীকেও তার চেম্বারে অপেক্ষমাণ দেখা যায়।
পরে সাংবাদিকদের প্রশ্ন ও এলাকাবাসীর প্রতিবাদের মুখে একপর্যায়ে চেম্বার ত্যাগ করেন তিনি।
বিষয়টি জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে জানানো হয়েছে বলে জানা গেছে।
























