জামালপুর প্রতিনিধিঃ জামালপুর শহরের বিভিন্ন পয়েন্টে রিক্সা শ্রমিক, পথচারীদের উপর হামলা,ছিনতাইয়ের প্রতিবাদে ও নিরাপত্তার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৩১ অক্টোবর) সকালে শহরের দয়াময়ী মোড় এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন জেলার আহবায়ক বিশ্বজিত দেব রাজন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন জামালপুর এর প্রতিষ্ঠাতা সদস্য সুমন আদিত্য,রিক্সা শ্রমিক দানেছ আলী, জেলা জাতীয় সমাজান্ত্রিক দলের সভাপতি মোঃ আমির উদ্দীন, ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইউনুস আলী,জেলা ন্যাপ সাধারণ সম্পাদক এডভোকেট আনছার আলী, রিক্সা শ্রমিক রমিজ উদ্দীন প্রমূখ।
বক্তারা বলেন, জামালপুরে হঠাৎ ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। প্রতিদিন শহরে রিক্সা ভ্যান ছিনতাই এর ঘটনা ঘটছে। ছিনতাইকারীরা ছিনতাই এর সময় রিক্সা-ভ্যান শ্রমিকদের উপর হামলা করে। জেলায় ছিনতাইয়ের কারণে রিক্সা চালকও খুন হয়েছেন। গত শনিবার বিভিন্ন পয়েন্টে ৫ টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গ্রেপ্তারকৃত আসামীদের পরে ছেড়ে দেওয়া হয়েছে। দ্রুত এই আসামীদের গ্রেপ্তার ও ছিনতাই বন্ধ এর আহবান জানান তারা।
























