সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় কাঁচপুর ইউনিয়নে অবস্থিত আল নূর পেপার মিলের বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরের উওরপাড়া এলাকায় কারখানাটির সামনে স্থানীয় কয়েকশ মানুষ এ কর্মসূচী পালন করে।
মানববন্ধন কর্মসূচীতে অংশ নেওয়া লোকজনের অভিযোগ,আল নূর পেপার মিলের দুইটি বয়লারের বিষাক্ত ধোঁয়ায় কাঁচপুর উত্তর পাড়াসহ আশেপাশের এলাকার পরিবেশ এখন মারাত্মক হুমকির মুখে পড়েছে। মিলের কালো ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে আশপাশে গাছপালা, কমে গেছে পশুপাখির আনাগোনা।
তাদের দাবি, এই দূষিত বায়ুর কারণে হাজার হাজার মানুষ নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এরমধ্যে রয়েছে- সর্দি-কাশি, এলার্জি, ফুসফুসের অসুখ, শ্বাসকষ্ট, এজমা বা নিউমোনিয়া, চর্মরোগ, হৃদরোগ, স্ট্রোক, মানসিক অবসাদ, মাথাধরা, ঝিমুনি, স্মৃতিভ্রংশ, ক্যান্সার প্রভৃতি বিভিন্ন ধরনের রোগ।
এই বিষয়ে আল নূর পেপার মিলের সাথে কথা বলতে চাইলে এমডির নিষেধাজ্ঞা থাকায় কোন কর্মকর্তা কথা বলতে রাজী হননি।
























