মুমতাজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্য শাজাহান খান এমপি বলেছেন, জামুকার সভায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি শরিফুল হক ডালিম, নুর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন খানের বীর মুক্তিযোদ্ধার খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে। একই সাথে বঙ্গবন্ধু হত্যায় মদদদাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে। মুক্তিযুদ্ধে স্মরণীয়-বরণীয় ব্যক্তিদের তালিকা থেকে খন্দকার মোশতাকের নামও বাদ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে আইনগত বিষয় দেখার জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বুধবার দুুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার আসমত আলী খান অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম চলাকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
শাজাহান খান আরও বলেন,খেতাব বাতিলের ব্যাপারে ৩ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলো ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আমি (শাজাহানখান), উপাধ্যক্ষ আঃশহীদ। এই কমিটি আইনগত বিষয়সহ আইনমন্ত্রনালয়ে মিটিংসহ বিভিন্ন প্রস্তাবনা প্রস্তুত করবে। এই কমিটি শীঘ্রই বসে আইনগত বিষয়গুলো পরীক্ষা নিরিক্ষা করে প্রস্তাবনা দেব।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানান।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানা যায়, সরকারের খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার গেজেট অনুসারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান‘বীর উত্তম, শরিফুল হক ডালিম‘বীরউত্তম, নূর চৌধুরী ‘বীর বিক্রম, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন খান‘বীর প্রতীক ছিলেন। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্মরণীয়-বরণীয় ব্যক্তিদের তালিকায় ছিল খন্দকার মোশতাকের নাম।
এদের মধ্যে শরিফুল হক ডালিম, নুর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন খান স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি।
























