জাকির হোসেন,যশোর প্রতিনিধিঃ
ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি শেষে বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে চার দিন পর আমদানি রপ্তানি বানিজ্য সচল হয়েছে। এছাড়া এ পথে স্বাস্থ্যবিধি মেনে পাসপোর্ট যাত্রী যাতায়াত করছে দুই দেশের হাইকমিশন থেকে (এনওসি) পত্র সংগ্রহের মাধ্যমে।
শনিবার (২৪ জুলাই ) সকাল থেকে আমদানি রপ্তানি সচল হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার।
মামুন কবির তরফদার বলেন, সাপ্তাহিক ছুটি ও ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে চার দিন আমদানি রপ্তানি বন্ধ ছিল।
শুধুমাত্র অক্সিজেন ছাড়া অন্য কোনো পণ্য আমদানি হয়নি গত চার দিনে। তবে চার দিন ছুটি শেষে আজ সকাল থেকে এই পথে স্বাস্থ্যবিধি মেনে আমদানি রপ্তানি বানিজ্য পুনরায় সচল হয়েছে।
ছুটি শেষে বন্দরের পণ্য খালাসের চাপ অনান্য সময়ের চেয়ে এখন অনেকটা বেশি। খালাসকৃত পণ্যের মধ্যে রয়েছে শিল্পকারখানায় ব্যবহৃত যন্ত্রাংশ,কাচামাল ও খাদ্য সামগ্রী।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার ড.নেয়ামুল ইসলাম জানিয়েছেন, ঈদের ছুটির মধ্যেও জরুরি আক্সিজেন আমদানি করা হয়েছে। ব্যবসায়ীরা যেন পণ্য দ্রুত খালাস করে নিতে পারেন, সেজন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে।
























