সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি এলাকার এইচ কে জি স্টিল মিলের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিকরা। শুক্রবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা এ কর্মসূচি পালন করে।
এইচ কে জি স্টিল মিলের শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন ও প্রতি মাসে ওভারটাইম পরিশোধসহ শ্রমিক ছাঁটাই, নির্যাতন, শ্রমিকদের উপর অত্যাচার বন্ধের দাবিতে স্টিল মিলের শ্রমিক ও শ্রমিক নেতারা এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ, সোনারগাঁ থানা বাসদের সমন্বয়ক বেলায়েত হোসেন, কাঁচপুর শিল্পনগরী গার্মেন্ট শ্রমিক সহ-সভাপতি আনোয়ার খান প্রমুখ ।
মানববন্ধন কর্মসূচী শেষে বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা। মিছিলটি মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়ক প্রদক্ষিণ করেন।
মানববন্ধন বক্তরা বলেন, শ্রমিকদের ন্যায অধিকার দিতে হবে। তাদের সকল পাওনা পরিশোধসহ শ্রমিক ছাঁটাই, নির্যাতন, শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। অবিলম্বে এগুলো না মানলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
























