সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষি জমিতে অবৈধভাবে বালু ভরাটের দায়ে রিদিশা স্পিনিং মিল নামের একটি কোম্পানিকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী ও পৌরসভার ছোট সীলমান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। এসময় ৮জনকে আটক করা হয়। সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।
সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না জানান, উত্তমদী ও ছোটশীলমান্দি মৌজায় একটি শিল্প প্রতিষ্ঠান নিজস্ব জমি ভরাটের নামে ব্যক্তি মালিকানা ও অন্যের জমিতেও জোরপূর্বক বালু ফেলে কৃষিজমি নষ্ট করে। এ ঘটনায় এলাকাবাসীর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ওই কোম্পানীর দু’জন কর্মকর্তাসহ ৮ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি ভরাট আইনে তাদের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়। এ মামলার বিপরীতে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, এ শিল্প প্রতিষ্ঠান বেশ কিছুদিন থেকেই নিজেদের কেনা জমিতে প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র ছাড়াই বালু ভরাট করে আসছিল।
























