জাকির হোসেন,যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের ব্যাংদাহ গ্রামের পশ্চিম পাড়ার মাঠ থেকে গরু ব্যবসায়ী ইয়াকুব (৫০) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশ সদস্যরা। নিহত ইয়াকুব ব্যাংদাহ গ্রামের তক্কেল আলীর বড় ছেলে।
আজ (২০ই জানুয়ারি) বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা থানার ব্যাংদাহ গ্রাম থেকে যুবকের লাশটি উদ্ধার করে ঝিকরগাছা থানা পুলিশ।
স্থানীয়রা বলেন, ইয়াকুব পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। সে অনেক ভালো একজন মানুষ, তার কারো সাথে কোন শত্রুতা আছে বলে আমাদের জানা নেই। আমরা চাই তদন্ত করে হত্যাকারীদের যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়।
নিহত ইয়াকুবের ছোট ভাই জানান, সে চৌগাছায় গরু বিক্রি শেষে বাসায় এসে তার স্ত্রীর কাছে টাকা দিয়ে বলে, আমি বাজারে যাচ্ছি একজনের সাথে দেখা করে চলে আসছি। তারপর মাগরীবের সময় সে বাড়ি থেকে চলে আসে। বাড়ি আসতে দেরি হচ্ছে দেখে ফোন করলে ভাইয়ের ফোন বন্ধ পাই। রাত ১১ টার দিকে আমি বাসায় চলে আসি। সকালে ভোরের দিকে আমার কাছে খবর আসে আমার ভাইকে কেউ খুন করে মাঠে ফেলে রেখে গেছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।
























