সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণখালী ও পিতলগঞ্জ মৌজার মেট্রোরেলের ডিপো নির্মাণের জন্য ভূমি হুকুম দখলকৃত ৩২০বিঘা জমির বিল পরিশোধের আগে উচ্ছেদ না করার দাবি জানিয়েছে সেখানকার জমির মালিকরা।
আজ ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকা-ডেমরা-কালিগঞ্জ সড়কের রূপগঞ্জের ভক্তবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত এক সভায় তারা এ দাবি জানায়।
সভায় সভাপতিত্ব করেন ক্ষতিগ্রস্থ জমির মালিক ও রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মোঃ হাবিবুর রহমান হারেজ। সভায় বক্তব্য রাখেন পিতলগঞ্জ দাখিল মাদ্রাসার সভাপতি ও আওয়ামীলীগ নেতা ওবায়দুল মজিদ জুয়েল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া, পিতলগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আমিনুল ইসলাম ঝিনু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফ খান সজিব, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ খান জয়, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল আওয়াল ভুঁইয়া, মোকলেছুর রহমান, ক্ষতিগ্রস্থ জমির মালিক ছামছুল হক মুন্সী, পিতলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানউল্লাহ মোল্লা, পিতলগঞ্জ দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ছালাউদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মৌজাভিত্তিক জমির মূল্যের বৈষম্য দূর করতে হবে। জমির ন্যায্য মূল্য দিতে হবে। ভ‚মি হুকুম দখলের বিল পরিশোধের আগে ও জমির ন্যায্য মূল্যের দাবিতে দাখিলকৃত হাইকোর্টের ১৯১১/২২ নং রিটপিটিশন মামলার রায়ের আগে উচ্ছেদ করা চলবে না। ভূমি হুকুম দখলকৃত জমির বিল পরিশোধ করে উচ্ছেদ করতে হবে। অন্যথায় বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য মেট্রোরেলের ডিপো নির্মাণে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন-১ এর অধীনে রূপগঞ্জের পিতলগঞ্জ ও ব্রাহ্মণখালী মৌজার ৩২০ বিঘা জমি ভূমি হুকুম দখল করা হয়।
























