সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের রূপসী বাসষ্ট্যান্ড ও গাউছিয়া গোলাকান্দাইল এলাকায় অবৈধ চাঁদাবাজীর সময় র্যাবের হাতে তিনজন গ্রেফতার হয়েছে। গত ৮ই ফেব্রুয়ারি বিকেলে র্যাব-১১ পৃথক অভিযান পরিচালনা করে চাঁদাবাজদের গ্রেফতার করে। পরিবহনের ড্রাইভার এবং হেলপারদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শন করে চাঁদাবাজি করার অপরাধে ০৩ জন চাঁদাবাজ’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চাঁদাবাজ মোঃ ওবায়দুল (৪০), মোঃ সজীব (২৮) এবং মোঃ আল-আমিন (৩৩)। গ্রেফতারকৃতদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১,৮০৫/- টাকা উদ্ধার করা হয়।
অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ ওবায়দুল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রূপসী এলাকার মৃত দীন মোহাম্মদ এর ছেলে, মোঃ সজীব কিশোরগঞ্জ জেলার সদর থানার পিকুরজোড়া এলাকার মোঃ শামসুদ্দিন এর ছেলে এবং অপর আসামী মোঃ আল-আমিন কিশোরগঞ্জ জেলার সদর থানার যশোদল এলাকার মোঃ বাবুল মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রূপসী ও গাউছিয়া গোলাকান্দাইল এলাকায় বিভিন্ন পরিবহনের ড্রাইভার এবং হেলপারদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গাড়ি প্রতি দৈনিক ১০০/- টাকা থেকে ২০০/-টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। কোন গাড়ির ড্রাইভার/হেলপার চাঁদা দিতে অস্বীকার করলে গ্রেফতারকৃত আসামীদ্বয় তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান মিডিয়া অফিসার, সহকারী পরিচালক, এসএস পি মোঃ রিজওয়ান সাঈদ জিকু। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় চাঁদাবাজী মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরন করা হয়েছে ।
























