মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা উল্টে আবু রায়হান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরের চর ব্রিজের টোল আদায় স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বকশীগঞ্জের বাট্রাজোর ঝোড়ারপার গ্রামের শাহীন আলম তার স্ত্রী-সন্তান নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় রৌমারীতে যাচ্ছিলেন। পাথরের চর ব্রিজের টোল ঘরের সামনে টোলের টাকার জন্য বাঁশ নামিয়ে দিলে অটোরিকশা চালক দ্রুত নিয়ন্ত্রণ করতে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ওই শিশুর মৃত্যু হয়।
পাথরেরচর ব্রিজের টোল আদায়কারী ইজারাদার সরোয়ার আলম জানান, সিএনজি চালিত অটোরিকশার সামনে অন্য গাড়ী থাকায় সিএনজি চালক ব্রেক মারলে উল্টে শিশুর মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর মৃতদেহ উদ্ধার করেছে।
























