সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামে ডাকাতির সময় ২ ডাকাতকে ধাওয়া করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। গ্রেপ্তারকৃত ডাকাত জাকির হোসেন উপজেলার জামপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আমানউল্লাহর ছেলে। কামাল নামের অপর ডাকাত আড়াইহাজার উপজেলার বান্টি এলাকার আব্দুর রহিমের ছেলে। তাদের বিরুদ্ধে সোনারগাঁ, আড়াইহাজার, বন্দরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বৃহস্পতিবার উপজেলার নানাখী গ্রামের মাওলানা শফিক ও সাদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রশিদ মোল্লার ভাই আব্দুল হাইয়ের বাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার ভোরের দিকে একদল ডাকাত ডাকাতি করার জন্য দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করতে মহড়া দিচ্ছিল। বাড়িতে প্রবেশের চেষ্টাকালে বাড়ির সদস্যদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে। এসময় গণপিটুনি দেয়া হয় তাদের।
এর আগেও গত শুক্রবার একই গ্রামের আব্দুলাহদের বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দলের মহড়ায় এলাকাবাসী আতংকের মধ্যে ও নিরাপত্তাহীনতায় দিন পার করছেন।
সোনারগাঁ থানার মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, তিন ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
























