নিজস্ব প্রতিবেদকঃ
দরজায় কাফনের কাপড় দেখে আতঙ্কে নির্বাচন থেকে সরে গেলেন সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী নাজমুল ইসলাম লিটু৷
তিনি নারায়ণগঞ্জ জেলা যুব সংহতির যুগ্ম সম্পাদক। জাতীয় পার্টির রাজনীতি করলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ১২ মে তার কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র ক্রয় করেন। তবে গতকাল (১৭ মে) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি তার মনোনয়নপত্র জমা দেননি।
কাজী নাজমুল ইসলাম লিটু জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হলেও তার পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
তার বাবা সোনারগাঁ বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু মোগরাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক বার নির্বাচন করেছেন।
নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করেই তিনি এ সিন্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ মে) কাজী নাজমুল ইসলাম লিটু নিজ ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়টি প্রকাশ করেন।
এ বিষয়ে কাজী নাজমুল ইসলাম লিটু বলেন, আমি মনোনয়নপত্র ক্রয় করার পর থেকেই আমার কর্মী-সমর্থক ও স্বজনদেরকে প্রতিপক্ষের লোকজন নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। সর্বশেষ সোমবার রাতে আমার নারায়ণগঞ্জ শহরের বাসায় দরজার সামনে কে বা কারা কাফনের কাপড় রেখে গেছে। তবে এসব ভয়ভীতিতে আমি বিচলিত হইনি কিন্তু আমার পরিবার বিশেষ করে আমার মায়ের নির্দেশে শেষ পর্যন্ত এ নির্বাচন থেকে সরে যেতে বাধ্য হয়েছি।
উল্লেখ্য, ৮ম ধাপে আগামী ১৫ জুন মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট হবে। নির্বাচনের যাচাই বাছাই ১৯ মে, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে এবং প্রতিক বরাদ্দ দেওয়া হবে ২৭ মে।
























