সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধিমালা প্রতিপালন ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাচনে অংশগ্রহণকারী বৈধ প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা ও নির্বাচনী আচরণ-বিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।
সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসার মো. ইউসুফ-উর-রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, সোনারগাঁ থানার ওসি মোহাদ্মদ হাফিজুর রহমান।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেছেন, নির্বাচন সুষ্ঠু , নিরপেক্ষ ও শান্তিপূণ হবে। ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। নির্বাচনকে ঘিরে কোনো অনিয়ম সহ্য করা হবে না । আচরণবিধি ভঙ্গকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে কোনো ছাড় দেওয়া হবে না।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য পদের প্রার্থীরা সভায় উপস্থিত হয়ে তাদের মতামত তুলে ধরেন।
























