পাবিপ্রবি প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবির) ইন্সটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের (আইকিউএসির) নব নিযুক্ত পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরীকে।
গতকাল সোমবার রেজিস্ট্রার কার্যালয়ের প্রকাশিত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম ও রেজিস্ট্রার দপ্তরের সহকারী পরিচালক সঙ্গিতা স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
নোটিশে বলা হয়, ১জুলাই,২০২২ থেকে ড. মীর খালেদ ইকবাল চৌধুরী (আইকিউএসির) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত এ পরিচালক নিজের অনুভুতি ব্যক্ত করে বলেন,”আমার উপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি গুরুত্ব সহকারে ও নিষ্ঠার সাথে পালন করবো। এছাড়াও তিনি বলেন,উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং উৎকর্ষতা সাধনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলে নিরলসভাবে কাজ করে যাবো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও ল্যাবগুলোর মান উন্নত করার লক্ষ্যে কাজ করবো।
প্রসঙ্গত,শিক্ষাজীবনে ড. মীর খালেদ ইকবাল চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ২০০৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।



















