মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে অজ্ঞাত বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার (৩ জুলাই) সকালে আখাউড়া-চট্টগ্রাম রেলপথের নয়াদিল সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর বয়স ষাটোর্ধ্ব হবে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, ওই বৃদ্ধা আখাউড়া রেল সেকশনের নয়াদিল সিগন্যাল এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানান, নিহত বৃদ্ধার মরদেহ রেল পুলিশের হেফাজতে রয়েছে। পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
























