স্টাফ রিপোর্টারঃ
বান্দরবান রুমা উপজেলায় উচসিং মারমা(৩৩) নামে একজন জুমচাষীকে জুম থেকে বাড়ী ফেরার পথে ভাল্লুক আক্রমন করে গুরুতর আহত করেছে।
মঙ্গলবার(১৯জুলাই) বিকাল সাড়ে ৩টার সময় নিজের জুম থেকে কাজ শেষে বাড়ী ফেরার সময় রাস্তায় এঘটনা ঘটে।
তিনি রুমা উপজেলা সদর ইউনিয়নে ৯ নং ওয়ার্ড রিজুক পাড়ার মৃত থোয়াই হ্লা অং মারমা’র ছেলে।
রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈ মং মারমা (শৈবং) ঘটনাটি সম্পর্কে নিশ্চিত করে বলেন জুম চাষী উচসিং মারমা জুমে গেলে কাজ শেষে বিকেল বেলা বাড়ীতে ফেরার সময় রাস্তায় ভাল্লুকের আক্রমনের শিকার হয়েছেন।
ভাল্লুকের আক্রমনে আহতের স্ত্রী মামঃইং মারমা বলেন প্রতিদিনের মতো আজ সকালে নিজবাড়ী থেকে একা জুমের জায়গায় কাজ করতে গিয়ে বিকাল বেলা বাড়ী ফেরার পথে হঠাৎ জঙ্গল থেকে বের হয়ে ভাল্লুকে তার স্বামী আক্রমন করে মারাত্মকভাবে আহত করে । তার চিৎকার শুনে রাস্তা দিয়ে আসার সময় অন্যান্য জুমিয়া লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করে।
বান্দরবান সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শওকত এমরান বলেন রোগীর অবস্থা আশংকাজনক হওয়ার কারনে উন্নত চিকিৎসার জন্য রোগীর স্বজনদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করার পরামর্শ প্রদান করা হয় কিন্তু রোগী গরীব জুমচাষী আর্থিক অসঙ্গগতি থাকার কারনে রোগীকে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এই চিকিৎসক।
























