নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাইফুল ইসলাম রাব্বানী(৩৫) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে সোনারগাঁ পৌরসভার খাসনগর দীঘিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।
নিহত রাব্বানী চট্রগ্রামের সন্দীপ উপজেলার সন্তুুশপুর এলাকার আঃ মান্নানের ছেলে।
সে গত ৩বছর যাবত স্ত্রী ও দুই পুত্র সন্তানদের নিয়ে সোনারগাঁও পৌরসভার খাসনগর দীঘির পাড় এলাকার রতনের বাড়ির ভাড়াটিয়া ছিল।
নিহতের স্ত্রী আখীনূর আক্তার জানান,গত মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে পিয়াল নামের এক যুবক তার স্বামীকে ফোন করে ডেকে নিয়ে যায় । যাওয়ার আগে তার স্বামী সমস্যা হতে পারে বলে জানিয়ে যায়। সমস্যা হলে সে মোবাইলে ফোন করে তার স্ত্রীকে জানাবে বলে যায়। যাওয়ার পর থেকেই সে নিখোঁজ ছিল। তবে তার স্বামী রাব্বানী পিয়াল সহ কয়েকজনের সাথে মাদক ব্যবসায় জড়িত ছিল বলে জানিয়েছেন তার স্ত্রী। এ হত্যাকান্ড মাদক ব্যবসায়ের লেনদেনের দ্বন্দ্বে হতে পারে বলে পুলিশ ধারনা করছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক ( তদন্ত) তরিকুল ইসলাম জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
























