রানা মুহম্মদ সোহেল, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে চাঞ্চল্যকর শিশু বুলবুল হোসেন বিজয় (৯) হত্যার রহস্য ২৪ ঘন্টা না পেরুতেই উন্মোচিত হয়েছে।
আজ বুধবার (১২ অক্টোবর ২২) বিকেলে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গতকাল শিশু বিজয়ের লাশ উদ্ধার হওয়ার পরপরই হত্যার রহস্য উন্মোচনের জন্য মাঠে নামে পুলিশের একাধিক টিম।
পুলিশ সুপার জানায় ,বিজয় ছোট হলেও সে চলাফেরা করত তার থেকে বয়সে বড় ছেলেদের সাথে এবং তার একটি বদ অভ্যাস হলো সে মাঝে মাঝেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত।
সে রকমই একজন হলো লক্ষ্মীকোলা গ্রামের জাফর সরকারের ছেলে সুজন সরকার (২৮)।সুজন খুব ভালো ফুটবল খেলে।ঘটনার দিন সুজন সরকার গ্রামের পাশ্ববর্তী ইটভাটার মাঠে বিজয়কে নিয়ে ফুটবল খেলতে যায়।
খেলার এক পর্যায়ে বিজয় সুজন সরকারের মাকে নিয়ে একটি অশ্রাব্য ভাষায় গালি দেয়,যা সুজন সরকারের মনে গভীরভাবে রেখাপাত করে।তৎক্ষনাত সে বিজয়ের ঘাড়ে জোরে চাপ দেয়।এতে বিজয় জ্ঞানশূণ্য হয়ে মাটিতে পড়ে যায়।এরপর সে বিজয়ের মৃত্যু নিশ্চিত করে পাশ্ববর্তী ইটভাটার ভেতরে ফেলে দিয়ে বাড়িতে চলে যায়।
প্রাথমিকভাবে সুজন সরকার হত্যার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছে।তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত ৫ ই অক্টোবর বিজয় দূর্গাপূজার মেলার দিনে নিখোঁজ হয়েছিল।
























