মনিরুজ্জামান মনির,যশোর সদর উপজেলা প্রতিনিধিঃ
যশোর কারবালা কবরস্থানে মায়ের কবরের পাশে শায়িত হলেন কণ্ঠশিল্পী আকবর। সোমবার (১৪নভেম্বর) দুপুরে ঢাকা থেকে তার লাশ যশোরের সুজলপুর গ্রামের বাড়িতে পৌঁছালে আত্মীয় স্বজন, প্রতিবেশিদের মধ্যে শোকের ছায়া নামে।
আজ জহরবাদ শহরের ধর্মতলা মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে আকবরকে সমাহিত করা হয়।
প্রথম স্ত্রী কানিজ ফাতেমা বলেন, ২০০৩ সাল থেকেই তিনি ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। বছর পাঁচেক আগে কিডনির সমস্যা বেড়ে গেলে স্টেজ শো বাদ দিতে হয় তাকে। এরপর কয়েক দফা হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। পায়ে পচন ধরার কারণে অস্ত্রোপচার করে ডান পা কেটে ফেলতে হয়েছে।
অক্টোবরে ঢাকার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আকবর। সেখান থেকে ১৯ অক্টোবর তাকে বাসায় নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে বারডেমে ভর্তি করা হয়।
গত রোববার (১৩ নভেম্বর) দুপুরে বারডেম হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আকবার।
উল্লেখ, ২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। সেই গান শুনে মুগ্ধ হয়ে বাগেরহাটের এক ব্যক্তি হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লিখে এই গায়কের কথা জানান। এরপর ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ আকবরের সঙ্গে যোগাযোগ করে। ওই বছর ‘ইত্যাদিতে’ কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি আলোচনায় নিয়ে আসে আকবরকে। পরে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটিও এই শিল্পীকে জনপ্রিয়তা এনে দেয়।
























