নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।আজ রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আসাঢ়িয়ার চর এলাকায় এ তল্লাশি অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন জুবাইদ ভূইয়া ওরফে বিদ্যুৎ (৩০), মামুন (৫২) ও আব্দুল আউয়াল সিদ্দিক(৩০)।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী রিলাক্স কিং নামক একটি বাসে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি চক্র ঢাকায় আসছে। তখন অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে আমাদের একটি আভিযানিক দল ভোর থেকে আসাঢ়িয়ার চর নামক স্থানে পুলিশ চেকপোস্টে অবস্থান নেয়। এসময় আভিযানিক দলটি রিলাক্স কিং পরিবহনের একটি বাস থামায়। তখন গাড়ির সুপারভাইজার, ড্রাইভার এবং হেলপারকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে গাড়ির পিছনের সিটের বডির একটি অংশ খুলে সেখানে দুইটি প্যাকেটে ৩৬ ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা একটি বড় মাদক সিন্ডিকেটের সদস্য এবং দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ঢাকায় মাদক পাচার করে আসছিল। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা রুজু করা হয়েছে ।
























