রায়হান সিদ্দিকী, বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা মোড়ে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে করে ৮ হাজার তিনশ চল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বিজিবির একটি বিশেষ অভিযানিক টহল দল শুক্রবার সকাল ১১ টার দিকে ইয়াবার চালানটি উদ্ধার করে।যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ হাসান জামিল ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বিপুল পরিমান ইয়াবার একটি চালান ভারত থেকে পাচার করে এনে সাতক্ষীরা-ঢাকাগামী একটি পরিবহনে করে ঢাকায় নেয়া হবে। এমন সংবাদ পেয়ে শার্শার আমড়াখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন অবস্থানে ওৎ পেতে থাকে।
এক পর্যায়ে তামিম নামের ( টাঙ্গাইল মেট্রো জ-১১-০০৪৮) একটি পরিবহন নাভারণের সাতক্ষীরা মোড়ে আসলে তাতে অভিযান চালালে বাসের সিটের নীচ থেকে ৮ হাজার ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে যায়।
আটককৃত ইয়াবা ট্যাবলেট ধংস্ব করার জন্য অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
























