জাকির হোসেন,যশোর প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় প্রেমিকার ঘরের জানালার পাশ থেকে প্রেমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ এপ্রিল) ভোর রাতে উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস হোসেন (১৯) ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে ও চৌগাছা উপজেলার সলুয়া কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রেমিকা লুইস পারভিন হিরা প্রতিবেশি আইনাল হকের মেয়ে।
নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে ইলিয়াস হোসেনকে গভীররাতে ডেকে নিয়ে যায় হিরা ও তার পরিবারের সদস্যরা। এরপর তাকে মারপিট করে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ।এদিকে ইলিয়াসের নাকে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় হিরা ও তার পরিবারের দাবি, ইলিয়াস দিনে ও রাতে লিয়াকে বিরক্ত করতেন। নিষেধ করলেও তিনি শুনতেন না। শনিবার দিনগত গভীররাতে তার সাথে দেখা করতে যান ইলিয়াস। কিন্তু হিরা দেখা করেননি। এ কারণে অভিমানে ইলিয়াস হিরার ঘরের জানালার গ্রিলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসাথে প্রেমিকা লুইস পারভিন হিরাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। দু’পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করছে। তবে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
























