জাকির হোসেন:
যশোরের শার্শায় সরকারি আইন অমান্য করে বিক্রি করা হচ্ছে আলু ও পেঁয়াজ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন নজরদারির অভাবে আলু, পেঁয়াজ, ডিম দাম কমেনি শার্শার বাজারে।
সরকারের বেধে দেয়া দামে বাজারে মিলছে না আলু, ডিম ও পেঁয়াজ। ব্যবসায়ীরা আগের দামে তাদের ইচ্ছা মতো বিক্রি করছে। সরকারের বেধে দেয়া ৩৫ টাকার আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। সরকারের নির্দেশনা মানছেন না বাগআঁচড়ার পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা।
উপজেলার শার্শা বাগআঁচড়া, সাতমাইল, জামতলা, গোগা, চালতাবাড়িয়া, নিজামপুর, গোড়পাড়া, সাড়াতলা, পাকশিয়া, কাশিপুরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে আলু ৪৫-৪৮, পেয়াজ ৭০-৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি পর্যায়ে দাম না কমলে তাদের কম দামে বিক্রি করার সুযোগ নেই। এদিকে, দাম কমার খবর শুনে বাজারে গিয়ে হতাশ হচ্ছে ক্রেতারা। দাম নির্ধারণের পাশাপাশি সরকার কঠোরভাবে বাজার তদারকির ও দাবি জানান তারা। ক্রেতাদের অভিযোগ, প্রতিদিন বাজার মনিটরিং না কারার কারনে আলু পেঁয়াজের দাম বাড়াচ্ছে।
উপজেলার পাকশিয়া বাজারের খুচরা বিক্রেতা মুজিবর বলেন, পাইকার ব্যবসায়ীরা তাদের নির্ধারিত দামে আলু পেঁয়াজ বিক্রি করছে। আমরা বাধ্য হয়ে বেশি দামে আলু, পেয়াজ কিনছি।
এবিষয়ে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম বলেন, খুচরা বিক্রেতাদের দোকানে মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তার পরও যদি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করে, এবং আইন না মানে, তাহলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
























