মাসুদ হাসান:
আগামী ১৩ অক্টোবর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিতব্য উন্নয়ন ও শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার (২ অক্টোবর) দুপুরে কাঁচপুর বাসস্ট্যান্ডের পাশে বালুর মাঠে এ আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম।
এ সময় মির্জা আজম বলেন,আওয়ামীলীগ এই সরকারের অতন্দ্র প্রহরী হয়ে অক্টোবর মাস থেকে আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবে। অতীতের মতো বিএনপি-জাামায়াতকে আর আগুন সন্ত্রাস ও জ্বালাও পোড়াওসহ ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন করতে দেয়া হবে না।বিএনপি-জামায়াত জোট অপশক্তির অপতৎপরতা প্রতিহত করতে ধারাবাহিকভাবে রাজধানি ঢাকার প্রবেশপথগুলোতে আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ চলছে।এরই অংশ হিসেবে আগামী ১৩ অক্টোবর ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ঢাকার প্রবেশপথ সোনারগাঁয়ের কাচঁপুরে এই কর্মসূচী পালন করা হবে।ওই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে আওয়ামীলীগ প্রমান করবে দেশের জনগণ আওয়ামীলীগের সাথে আছে। তারা শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির পক্ষে আছে।
জেলা আওশামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
























