দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় ছয়জন নিহত হয়েছে । এতে গুরুতর আহত আরও পাঁচজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ।
বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে ।
নিহতরা হলেন- ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার কামরুজ্জামান লিটন (২৮), ত্রিশাল দক্ষিণ তেতুলিয়া এলাকার জেসমিন আক্তার (৩০), নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৮), ঈশ্বরগঞ্জের মারোয়াখালি এলাকার আলতাব হোসেন (৬০), ত্রিশালের রাগামারা আহেদ আলীর ছেলে সোহেল মিয়া (৩৫) এবং অন্য এক নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি । নিহতদের মধ্যে আলতাব হোসেন গাজীপুরে কসাইয়ের কাজ করেন এবং বাকিরা ভালুকায় বিভিন্ন গার্মেন্টসে চাকরি করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, ঢাকাগামী এসএস ট্রাভেলস নামের একটি বাসে ওঠেন গার্মেন্টস কর্মীরা । চেলেরঘাট এলাকায় যেতে বাসটির চাকা প্যাংচার হয় । এসময় বাসটি সড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করছিল । এতে গার্মেন্টসকর্মীরা নেমে অন্য বাসের জন্য অপেক্ষা করছিল । এরই মধ্যে বাসের কয়েকজন যাত্রী ইসলাম পরিবহনের আরেকটি বাসকে সিগনাল দিয়ে দাঁড় করান । এ সময় একটি বাস এসে দাঁড়িয়ে থাকা যাত্রী ও বাসে ধাক্কা দেয় । এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ময়মনসিংহ মেডিকেলে দুইজনের মৃত্যু হয় ।
ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বলেন, এ ঘটনায় আহত ৫ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।
























